ইত্তেফাক রিপোর্ট
ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ নিউ ইয়র্ক থেকে আগামীকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় আজ বুধবার সকালে খোকার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তার পরিবার। মরদেহ আসার পর ঢাকায় চার দফা জানাজা ও কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন একাত্তরের রণাঙ্গনের এই বীর গেরিলা যোদ্ধা।
মরহুম সাদেক হোসেন খোকার প্রথম জানাজা গতকাল জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বস্তরের বাংলাদেশিরা অংশ নেন। জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিকে সাদেক হোসেন খোকার মৃত্যুতে আজ বুধবার সারাদেশে শোক কর্মসূচি পালন করবে বিএনপি।
খোকার জানাজা ও দাফনের কর্মসূচি ঠিক করতে গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানাজা দাফন ও শোক পালন কর্মসূচির কথা জানান।
রিজভী জানান, সাদেক হোসেন খোকার মরদেহ আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। তার কফিন গ্রহণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপর সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বাদ জোহর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন এবং বাদ আসর ধুপখোলা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনে জানাজার পর খোকার মরদেহ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য। আর নগর ভবনের জানাজা শেষে দাফনের আগে গোপীবাগের বাসায় মরহুমের কফিন কিছুক্ষণ রাখা হবে। চতুর্থ জানাজার পর সাদেক হোসেন খোকাকে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে জানান রিজভী। তিনি বলেন, সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির শোক কর্মসূচি পালন উপলক্ষ্যে আজ সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং সব কার্যালয়ে কোরআনখানি হবে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শফিউল বারী বাবু, আবদুল কাদের জুয়েল, মুনির হোসেন, কাজী আবুল বাশার, মুন্সি বজলুল বাসিত আনজু প্রমুখ উপস্থিত ছিলেন।
