বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলও দেখা যাবে কলকাতায়

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:০০

ইত্তেফাক রিপোর্ট

সম্প্রচারে বিধি-নিষেধ না থাকলেও উচ্চ ফির কারণে বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলোর অনুষ্ঠান কলকাতার দর্শকরা দেখতে পারেন না। এবার সেই ফি কমানোর আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকার। উদ্যোগটি সফল হলে কলকাতার দর্শকরাও বাংলাদেশের টেলিভিশনগুলোর সব অনুষ্ঠান দেখতে পাবেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে দুই দেশের তথ্যমন্ত্রীদের মধ্যে আলোচনায় এসব কথা উঠে এসেছে। বৈঠক শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন সম্প্রচার না করার অন্যতম কারণ উচ্চ ফি। এবার ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে বিষয়টি অবহিত করা হয়েছে। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠান যাতে সেখানে দেখা যায় সে বিষয়টি তিনি গভীরভাবে দেখবেন বলে কথা দিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকার এই মন্ত্রণালয়ের পাশাপাশি জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন। তিনি জলবায়ু সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিতেই মূলত ঢাকা এসেছেন।

ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ টেলিভিশন ভারতে সম্প্রচার শুরু হয়েছে। তাই বাংলাদেশেও ভারতের টেলিভিশন ডিডি ইন্ডিয়া রিলে করে দেখানো শুরু করেছে। বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানগুলো যাতে ভারতের জনগণও দেখতে পায়, সে বিষয়ে দেশে ফিরে উদ্যোগ নেওয়া হবে।