ইত্তেফাক রিপোর্ট
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন থেকে এ সংক্রান্ত তলবি নোটিশ বিডিনিউজের কার্যালয়ে পাঠানো হয়। নোটিশে অভিযোগের বিষয়ে তৌফিক ইমরোজ খালিদীর বক্তব্য জানতে আগামী ১১ নভেম্বর তাকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে গত ৩১ অক্টোবর দুদক তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এরপর গত ৩ নভেম্বর এ অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার কমিশন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে তলব করে নোটিশ পাঠানো হয়।
এ ব্যাপারে তৌফিক ইমরোজ খালিদী বলেন, ঐ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। কোনো অনিয়ম, দুর্নীতি বা বেআইনি কর্মকাণ্ডে আমি কখনো জড়িত ছিলাম না। জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো সম্পদ আমার নেই। প্রতি বছর তিনি নিয়মিতভাবে এবং স্বচ্ছতার সঙ্গে আয়কর বিবরণী জমা দিয়ে আসছেন। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, সুষ্ঠু ও ন্যায়সঙ্গত তদন্ত হলে অবশ্যই সত্য প্রকাশ হবে, ঐ অভিযোগের অসারতা প্রমাণিত হবে।
