ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে নিখোঁজের একদিন পর শিশু সালমান আহমদের (৭) ভাসমান লাশ পাওয়া গেছে বাড়ির পুকুরে। সে ছৈলা আফজালাবাদ ইউনিয়নের গোপালনগর গ্রামের রমিজ আলীর ছেলে ও গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে স্বজনরা। সোমবার বিকেল থেকে সালমান আহমদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাত পর্যন্ত ঘরে না ফেরায় নিখোঁজ সালমানকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ এ ব্যাপারে জানান, পরিবারের লোকজনের অজান্তে সে পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
