সুন্দরবনে তিন ট্রলারসহ ৬০ হরিণ শিকারী আটক

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:১১

রাস উত্সব টার্গেট

এইচ এম দুলাল, মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠেয় রাস উত্সবকে টার্গেট করে চোরা হরিণ শিকারী চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাস উত্সবের অনেক আগেই চোরা হরিণ শিকারীর দল গোপনে নানা কৌশলে হরিণ শিকারের টার্গেট নিয়ে বনের গহীনে অনুপ্রবেশ করতে শুরু করেছে। মঙ্গলবার ভোরে সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার সময় পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে বিপুল পরিমাণ দড়ি, ফাঁদ ও তিনটি ট্রলারসহ ৬০ শিকারীকে আটক করেছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, রাসমেলা উপলক্ষ্যে কিছু লোক হরিণ শিকারের জন্য সংঘবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই সুন্দরবনে যাচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে জয়মনি এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা। একপর্যায়ে তিনটি ট্রলারে থাকা লোকজনকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রলারসহ তাদের আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের দড়ি, ফাঁদ, দা, কুড়াল, জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, সাধারণত দেখা যায় মাছ ধরার অনুমতি নিয়ে এসব অপকর্ম করা হয়। তাই আপাতত আমরা জেলেদের সুন্দরবনে ঢোকার অনুমতি দিচ্ছি না। তাছাড়া রাতে বনে কোনো ট্রলার চলাচলের অনুমতিও দেওয়া হচ্ছে না।   

উল্লেখ্য, গতকাল ৫ নভেম্বর দৈনিক ইত্তেফাকে সুন্দরবনের রাস মেলাকে কেন্দ্র করে চোরা হরিণ শিকারী চক্র তত্পরতা শুরু করার বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।