যমুনায় রেল সেতু নির্মাণে টেন্ডারসহ যাবতীয় প্রস্তুতি শেষ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:১১

সিরাজগঞ্জে রেলমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

মার্চে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে যমুনায় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণকাজ শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ। পাশাপাশি সেতুতে একটি লেন থাকায় ট্রেন চলাচলেও রয়েছে দুর্ভোগ। এছাড়া ভারত-বাংলাদেশে পণ্য পরিবহনে ভারী ওয়াগন বহনে সেতুটিও সক্ষম নয়। তাই সব দিক বিবেচনা করে সরকার বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ দিয়ে আরেকটি রেল সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই রেল সেতু নির্মাণে টেন্ডারসহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। অপেক্ষা শুধু নির্মাণকাজ শুরুর। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন। যা চার বছরের মধ্যে শেষ হবে।

মঙ্গলবার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় ও রেল স্টেশনসহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  রেলমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের যাত্রীদের ঢাকার সঙ্গে যোগাযোগে দুর্ভোগ কমাতে সিরাজগঞ্জ থেকে বগুড়ার সঙ্গে সরাসরি রেললাইন নির্মাণ করা হবে। এ কাজও দ্রুতই শুরু করবে সরকার। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদসহ মন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।