সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:১৩

ভূমিহীনদের মধ্যে খাস কৃষি জমি হস্তান্তর

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুরে ভূমিহীনদের মধ্যে মঙ্গলবার খাস কৃষি জমি হস্তান্তর করা হয়েছে। উপজেলার আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এসব জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এর আাাগে উপজেলার বিভিন্ন এলাকার ৯টি পরিবারের মধ্যে এসব খাস কৃষি জমি বরাদ্দ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান প্রমুখ।

ট্রাফিক আইন বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে মঙ্গলবার সড়ক পরিবহন আইন-২০১৮ সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মশালা ও ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে মটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মটরযান পরিদর্শক মাহাবুবার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) জাহিদ সরোয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

নিরাপদ মাতৃত্ব ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে নিরাপদ মাতৃত্ব ও শিশু সুরক্ষা বিষয়ক সক্ষমতা উন্নয়নমূলক দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় বাস্তবায়নকারী সংস্থা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

দুর্যোগ সহনীয় ঘর পেয়ে খুশি ৩২ পরিবার

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা দুর্যোগ সহনীয় ঘর পেয়ে খুশি কিশোরগঞ্জের ৩২টি পরিবার। পুটিমারী ইউনিয়নের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ‘গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় ৩২টি অসহায়, দরিদ্র ও হতদরিদ্র পরিবারকে সম্প্রতি এ ঘর দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের স্বামী পরিত্যক্তা ও পত্রিকা বিক্রেতা নবিয়া বেগম বলেন, দীর্ঘদিন আগে স্বামী আমাকে তালাক দেয়। পরবর্তীতে বাবার বাড়িতে বসবাস করি। জীবন ও জীবিকা নির্বাহের তাগিদে পত্রিকা বিক্রি করে পেট চালাতাম। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প থেকে ঘর পেয়ে আমি অনেক খুশি। বাজেডুমরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা জহির উদ্দিন বলেন, জমি জমা না থাকায় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দিয়ে পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করে আসছিলাম। স্বপ্ন ছিল জীবনের শেষ সময়টুকু পাকা বাড়িতে থাকব। সেই আশা পূরণ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ধন্যবাদ জানান। এছাড়াও উপজেলার বড়ভিটা ইউনিয়নের লাইলী বেগম, মাগুড়া ইউনিয়নের আলেয়া খাতুন, গাড়াগ্রাম ইউনিয়নের লাভলী খাতুনসহ সকলেই খুশিতে আত্মহারা।

উপজেলা আওয়ামী লীগের কর্মিসভা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ারে সভা উদ্বোধন করেন বগুড়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুদরত-ই-এলাহী কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

বিনা ধান-২০ -এর মাঠ দিবস

স্টাফ রিপোর্টার, রংপুর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটস (বিনা) উদ্ভাবিত জিংক সমৃদ্ধ বিনাধান-২০ এর মাঠ দিবস মঙ্গলবার দুপুরে রংপুরে অনুষ্ঠিত হয়েছে। রংপুর সদর উপজেলার মোক্তারপাড়া শ্রীরামপুর গ্রামে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহ এর উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞািনিক কর্মকর্তা ঐ প্রকল্পের কোঅর্ডিনেটর ড. মো. আবুল কালাম আজাদ। বিনা রংপুর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ রিয়াজ উদ্দিন।

শিশু চক্ষু স্বাস্থ্যবিষয়ক ওরিয়েন্টেশন সভা

সিলেট অফিস ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্টের (ভার্ড) উদ্যোগে এবং অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রামের সহযোগিতায় মঙ্গলবার গোয়াইনঘাটে প্রাথমিক শিশু চক্ষু স্বাস্থ্যবিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহান উদ্দিন। ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়া উপজেলার ২ নম্বর সদর বাকাল ইউনিয়নের ১, ২, ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উল্লিখিত তিনটি ওয়ার্ডে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বাকাল গ্রামের শহিদ সুরেন্দ্র নাথ ছাত্রাবাস মাঠ প্রাঙ্গণে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার রাজ্যেশ্বর রায়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

নতুন সড়ক আইন সম্পর্কে সচেতনতায় লিফলেট বিতরণ

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের আগে চালকদের সচেতনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লিফলেট বিতরণ করেন হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন স্টেশন এলাকায় গাড়িচালকদের মধ্যে নতুন আইন সম্পর্কে অবহিতকরণ এ লিফলেট বিতরণ করে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ি। লিফলেট বিতরণে অংশ নেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপপরিদর্শক সরওয়ার হোসেন প্রমুখ।

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় মঙ্গলবার জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের স্মরণসভা ও মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত স্মরণসভা ও সংবর্ধনায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান।

বংশীপাড়া যুদ্ধ দিবস আজ

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা আটঘরিয়ার বংশীপাড়া যুদ্ধ দিবস আজ বুধবার। ১৯৭১ সালের আজকের এই দিনে উপজেলার বংশীপাড়া গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ১০ জন মুক্তিযোদ্ধা শহিদ হন।  সেদিন সম্মুখযুদ্ধে শহিদ হন আবুল কাশেম, আব্দুল খালেক, ইউনুছ আলী, নায়েব আলী, আব্দুর রশিদ, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, মনছুর আলী ও আব্দুর রাজ্জাক। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বেনাপোলে পরামর্শক কমিটির সভা

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল কাস্টম হাউজের অডিটরিয়ামে মঙ্গলবার পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল কাস্টম হাউসের আয়োজনে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার শহিদুল ইসলাম, বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার, কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় আসিয়া বারি বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়ায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় আসিয়া বারি আদর্শ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। পাকুন্দিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এ কুইজ প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দ্বিতীয় হয় চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে চরটেকী উচ্চ বিদ্যালয়।

ম্যাব এর রংপুর বিভাগীয় সম্মেলন

নীলফামারী প্রতিনিধি মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নীলফামারী পৌরসভার অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। সম্মেলনে রংপুর বিভাগের ৩১টি পৌরসভার মেয়র, কাউন্সিলর, সচিব ও পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম মিন্টুকে সভাপতি ও রংপুরের পীরগঞ্জ পৌরসভার মেয়র কাজী ছালেহ মো. তাজিমুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) ২১ সদস্য বিশিষ্ট রংপুর বিভাগীয় কমিটি গঠন করা হয়।

 

 

 

 

০