ছোটপর্দার বর্তমানে জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। একক নাটকেই তাকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেলেও কয়েকটি ধারাবাহিক নাটকেও কাজ করেছেন তিনি। শিগগিরই আরো একটি ধারাবাহিক নাটক প্রচারিত হতে যাচ্ছে তার। চলতি বছরের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রচারের পর থেকে বেশ জনপ্রিয়তা পায় নাটকটি। যেখানে অভিনয় করেছিলেন তৌসিফ। চ্যানেল নাইনে ৫২ পর্ব প্রচারের পর বন্ধ হয়ে যায় নাটকটি। তবে জনপ্রিয়তা ও দর্শকদের অনুরোধে আবারো প্রচার হবে নাটকটি। তবে এবার কোনো টিভি চ্যানেলে নয়,
ইউটিউব চ্যানেল ‘ধ্রুব টিভি’তে এই মাস থেকেই প্রচার শুরু হবে নাটকটি। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘অনেকগুলো চমক নিয়ে আবারো ‘ব্যাচেলর পয়েন্ট’ আসছে। আশা করি এবারো দর্শকদের মাতিয়ে রাখবে নাটকটি।’ নতুন সিজনে নাটকটির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা মারজুক রাসেল ও তামিম মৃধা। নাটকটি পরিচালনা করছেন নির্মাতা কাজল আরিফিন অমি।
