একুশে টেলিভিশনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কথা কাজে মিল নাই’। নাটকটিতে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সমসাময়িক বিভিন্ন অমিল। মধ্যবিত্ত পরিবারের নিত্য-নৈমিত্তিক টানাপোড়েন আর ব্যস্ত শহরের ব্যস্ত মানুষের কিছু চুম্বক ঘটনা দর্শকরা উপভোগ করবেন এই ধারাবাহিকের মাধ্যমে। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এই মেগাধারাবাহিকে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, শাহরিয়ার নাজীম জয়, সিদ্দিকুর রহমান, মনীরা মিঠু, হাসিনসহ অনেকে। ধারাবাহিকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে।
চার সন্তান নিয়ে মিয়া নাসির উদ্দিনের বাস উত্তরায়। অশিক্ষিত চার সন্তানকে সমাজে গণ্যমান্য হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে মিয়া নাসির উদ্দিন ছোটবেলা থেকেই তাদের নাম দেন ডাক্তার ফারুক, কর্নেল মারুফ, দারোগা সেলিম ও মাস্তান মনির। ছেলেদের এই নামের কারণে এলাকাবাসীর কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠাও পান মিয়া নাসির উদ্দিন। কিন্তু ক্রান্তিলগ্নে এসে মিয়া নাসির উদ্দিন তার ভুল বুঝতে পারেন।
