চ্যালেঞ্জ টের পাচ্ছেন মুমিনুল

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:৫৫

ভারতে টেস্ট সফর

স্পোর্টস রিপোর্টার

মেহেদী হাসান মিরাজ অনেকক্ষণ বল করে চলে গেছেন। ইমরুল কায়েস, সাদমান ইসলামরা নেটে ব্যাটিং সেরে ফিরে গেছেন। গতকাল মিরপুর স্টেডিয়ামের সেন্টার উইকেটে সতীর্থদের সঙ্গে এক দফা অনুশীলন করেছেন বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ইমরুল-সাদমানরা চলে যাওয়ার পর শুরু হয় এই বাঁহাতি ব্যাটসম্যানের অনুশীলনের দ্বিতীয় পর্ব।

নেট বোলারদের পাশাপাশি থ্রো ডাউনের বিপক্ষে দুপুর অব্দি অনুশীলন করলেন মুমিনুল। লাল বল, পিংক বল—দুই ধরনের বলে অনুশীলন হয়েছে। ব্যাটিংয়ের পর্ব শেষে বিসিবি একাডেমি মাঠে রানিং শুরু করেন তিনি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বে মুমিনুলকে দেখা যাবে সপ্তাহ খানেক পরই। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এখনো অভিনন্দনের পাওয়ার মিছিলেই আছেন তিনি। গতকাল একাডেমি মাঠে দেখা হতেই যেমন-চম্পকা রমানায়েকে অভিনন্দন জানালেন নতুন অধিনায়ককে। স্থানীয় কোচ, সাংবাদিক, বিসিবির কর্মকর্তারা দেখা হতেই হাত বাড়িয়ে দিচ্ছেন, কুশল বিনিময় করে শুভকামনা জানাচ্ছেন মুমিনুলকে। আগামীকাল শুক্রবার সকাল ১০টার ফ্লাইটে অধিনায়কসহ আট ক্রিকেটার ভারতে যাচ্ছেন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।

ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নেতৃত্বে অভিষেক হচ্ছে এই তরুণের। শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে মুমিনুল। সাদা পোশাকে ভারত খুব ভালো দল, আর নিজেদের মাটিতে অপ্রতিরোধ্যই বলা চলে। সে তুলনায় টেস্টে অনেক খর্বশক্তির দল বাংলাদেশ। আবার এই সিরিজে নেই তামিম, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার।

ভারত সফরের চ্যালেঞ্জ, প্রতিকূলতা সবই জানা আছে মুমিনুলের। এখনই এসব নিয়ে ভাবতে চান না তিনি। গতকাল টেস্ট অধিনায়ক বলছিলেন, সবাই তো অনেক কিছু বলছে। দেখবেন আমরা হয়তো ভালো করব ভারতে, আমার মনে হচ্ছে। আমি জানি ওদের পাঁচটা ভালো বোলার আছে। ব্যাটসম্যানরাও ভালো। তারপরও দেখবেন আমরা ভালো করতে পারি, কেন জানি মনে হয়।

শামি-ইশান্ত-উমেশ যাদবকে নিয়ে ভারতের পেস আক্রমণ। স্পিনে অশ্বিন-জাদেজা আছেন। ব্যাটিংয়ে কোহলি, রোহিত শর্মা, পূজারা, রাহানেদের সামর্থ্য ক্রিকেট বিশ্ব ভালোই জানে।

বিরাট কোহলির সঙ্গে টস করতে নামবেন মুমিনুল। সেই মুহূর্ত ভাবতেই রোমাঞ্চিত এই বাঁহাতি ক্রিকেটার। তবে মাঠের ক্রিকেটে ভারত সফরের চ্যালেঞ্জটা ভুলে যাননি তিনি। গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘আমার কাছে মনে হয় জীবনে যেখানেই ক্রিকেট খেলি সেটা চ্যালেঞ্জিং। তো ভারতে হয়তো সে চ্যালেঞ্জটা একটু বেশি থাকবে, আমরা সবাই সেভাবেই প্রস্তুত হয়ে চ্যালেঞ্জটা নিতে হবে। আমার কাছে মনে হয় চ্যালেঞ্জটা নেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে দলের। আমিও ওভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

ভারত সফর কঠিন হবে—এমন বাক্য মন থেকে সরিয়েই প্রস্তুত হতে চান মুমিনুল। ইতিবাচক মানসিকতা নিয়েই নামতে চান মাঠে। গতকাল বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে মনে হয় আপনি যেভাবে চিন্তা করবেন জিনিসটা সেভাবেই হবে। আপনি যদি মনে করেন কঠিন হবে তাহলে এখন থেকেই কঠিন হবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ইতিবাচক পথে হাঁটবেন, ভালো চ্যালেঞ্জ আছে, সেটা আমি নিব। আমার কাছে মনে হয় সেভাবে চিন্তা করাই ভালো। আমি মনে করি এটা পুরোটাই মানসিক ব্যাপার।’

কলকাতায় প্রথমবার দিবারাত্রির টেস্ট খেলতে নামাকে সুযোগই মনে করছেন মুমিনুল। তিনি বলেন, ‘আমি মনে করি এটা খুব ভালো একটা সুযোগ। ফ্লাডলাইটে টেস্ট খেলা কিংবা গোলাপি বলে টেস্ট আমরা এর আগে খেলতে পারিনি তাই আমি মনে করি এটা ভালো একটা সুযোগ আমাদের জন্য। এটাকে আমি সুযোগ হিসেবেই দেখি।’