চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় লিভারপুল
স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা লা লিগায় লেভান্তের কাছে হারের পর এবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে স্লাভিয়া প্রাগের সাথে গোলশূন্য ড্রয়ের পর চাপে পড়ে গেল। কাতালান ক্লাবটির কোচ আর্নেস্তো ভালভার্দে নিজেও মানছেন তা।
শিরোপাধারী লিভারপুল অবশ্য নিজ মাঠে ২-১ গোলে হারালো গেঙ্ককে। তবে আরেক ইংলিশ ক্লাব চেলসি না জিতলেও আয়াক্সের সাথে ৪-৪ গোলে ড্র করে মুগ্ধতা ছড়ালো।
বার্সেলোনার দুর্ভাগ্য তাদের অধিনায়ক লিওনেল মেসির প্রথমার্ধের শট ক্রসবারে লাগে। এরপর আর গোলের দেখা পায়নি মেসি বাহিনী। ফলে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলয় উঠার জন্য এখন তারা লড়াইয়ের মধ্যে পড়ে গেল।
এ প্রসঙ্গে কোচ ভালভার্দে বলেন, ‘অন্যদিন আমরা লেভান্তের কাছে হেরে গেলাম। আমরা জানতাম এটা আমাদের সেরা খেলাগুলোর একটা ছিল না। আমরা শনিবার কিংবা আজ নিজেদের মতো খেলতে পারিনি। আমরা জানি এর ফলে এখন দল অনেক চাপে পড়ে গেল। আমাদেরকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে।’
স্পানিশ চ্যাম্পিয়নরা এরপরের খেলায় নিজেদের মাঠে ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলবে। তাই বার্সেলোনার আশা শেষ খেলায় ইতালিতে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগেই তাদের শেষ ষোলয় পৌঁছা নিশ্চিত করে রাখতে হবে। যদিও স্লাভিয়ার বিরুদ্ধে জিতলেই নকআউটে খেলা নিশ্চিত হতো তাদের।
স্লাভিয়ার খেলোয়াড়দের কাছে ড্রটিই ছিল জয়ের মতো। তাই তারা বিপক্ষের মাঠেই নিজ সমর্থকদের অভিবাদন জানায়। অপরদিকে মেসি এতটাই হতাশ ছিলেন যে শেষ বাঁশির পর তাকে মাঝমাঠে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। অপরদিকে জেরার্ড পিকে অবশ্য সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।
বরুশিয়া অবশ্য গ্রুপের অন্য খেলায় ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে বার্সেলোনার সাথে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে। সমান চার খেলা শেষে বার্সেলোনা আছে আট পয়েন্টে।
শিরোপাধারী লিভারপুল ‘ই’ গ্রুপে বেলজিয়াম চ্যাম্পিয়ন জেঙ্ক এর বিরুদ্ধে উইজনালডামের গোলে ১৪তম মিনিটেই এগিয়ে যায়। যদিও জেঙ্ক বিরতির আগেই তা শোধ করে দেয়। তবে কোচ য়ুর্গেন ক্লপের দলকে জয় এনে দেয় অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের দারুণ এক গোল। এ জয়ে গ্রুপ শীর্ষেই রইলো লিভারপুল।
এ রাতের চিত্তাকর্ষক খেলাটি ছিল চেলসির মাঠে যেখানে সফরকারী আয়াক্সও সমানে পাল্লা দেয় স্বাগতিকদের সাথে। চেলসি ৪-১ গোলে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। এর মধ্যে জরগিনহো দুটি পেনাল্টি থেকে গোল করেন। আয়াক্সকে অবশ্য এক পর্যায়ে নয়জন নিয়ে খেলতে হয়েছিল।
চেলসি আগের রাউন্ডে আয়াক্সের মাঠে ১-০ তে জিতেছিল। ফিরতি পর্বে এদিন আয়াক্স প্রায় জিতেই যাচ্ছিল। শুরুটা ছিল চেলসির ট্যামি আব্রাহামের আত্মঘাতি গোলে সফরকারীদের এগিয়ে যাওয়ার মাধ্যমে। কিন্তু দুই মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতা ফেরান জরগিনহো। এরপর প্রোমেস, কেপা ও ফন ডে বিক ব্যবধানটি ৪-১ করলেও লাভ হয়নি।
স্বাগতিকরা ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে খেলায় সমতা ফেরায়। এ ড্রয়ে ‘এইচ’ গ্রুপে চেলসি, আয়াক্স ও ভ্যালেন্সিয়া প্রত্যেকেই আছে সাত পয়েন্টে। ভ্যালেন্সিয়া এই রাতে ৪-১ গোলে হারায় ফরাসি দল লিলেকে।
ন্যাপোলি ১-১ সালজবার্গ
লিভারপুল ২-১ গেঙ্ক
বার্সেলোনা ০-০ স্লাভিয়া প্রাগ
বরুসিয়া ডর্টমুন্ড ৩-২ ইন্টার মিলান
জেনিথ ০-২ লিপজিগ
লিওঁ ৩-১ বেনফিকা
চেলসি ৪-৪ আয়াক্স
ভ্যালেন্সিয়া ৪-১ লিল
