তিন ফুটবলারের বিপক্ষে অভিযোগ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:৫৬

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের খেলোয়াড়দের দলবদল ২০ নভেম্বর শেষ হবে। রহমতগঞ্জ ছাড়া বড়ো কোনো দল এখনো খেলোয়াড় তালিকা জমা দেয়নি। এর আগেই অপ্রীতিকর ঘটনার খবর বেরিয়েছে। তিনজন ফুটবলারের বিপক্ষে অভিযোগ পেয়েছে বাফুফে। অভিযোগকারী হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তিন ফুটবলার হলেন শেখ রাসেলেরই সোহেল রানা, আবাহনীর সোহেল রানা এবং রায়হান হাসান। শেষ দুই জন এখন ওমানে জাতীয় দলের সঙ্গে রয়েছেন। অভিযুক্ত তিন ফুটবলার শেখ রাসেলের কাছ থেকে আগাম অর্থ নিয়েছেন। তারা শেখ রাসেলের হয়ে খেলবেন বলে আলোচনা চূড়ান্ত করে আগাম অর্থ নিয়েছেন। কিন্তু অর্থ গ্রহণের পর তারা কারো সঙ্গে যোগাযোগ করছেন না। এমন দুর্ভাবনায় শেখ রাসেলের কর্মকর্তারা। উপায় না দেখে তিন ফুটবলারের বিরুদ্ধে বাফুফেতে অভিযোগ দাখিল করেছেন শেখ রাসেলের কর্মকর্তারা। বাফুফে জানিয়েছে তারা একটি অভিযোগ হাতে পেয়েছে। তবে এই অভিযোগ এখনো ফাইল বন্দি। কারণ যাদের বিপক্ষে অভিযোগ এসেছে তাদের নাম কোনো ক্লাব হতে জমা দেয়নি। তাই আগে হতে কোনো ব্যবস্থাও নিতে পারছে না। বাফুফের লিগ কমিটির দাবী যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় কোনো ক্লাব রায়হান হাসান এবং দুই সোহেল রানার নাম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত শেখ রাসেলের অভিযোগ ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির কাছেও প্রেরণ করা যাচ্ছে না।

শেখ রাসেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে লিগ কমিটিকে উল্লেখিত তিন ফুটবলারের দলবদল কার্যক্রম স্থগিত করার আবেদন করলেও আপাতত এটি নিয়ে লিগ কমিটির কিছুই করার নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে গত মৌসুমে শেখ রাসেলেই খেলা সোহেল রানা নগদ ৮ লাখ টাকার পাশাপাশি সমপরিমাণ অর্থের চেক, আবাহনীর রায়হান হাসান এবং একই দলের সোহেল রানা নগদ ১০ লাখ টাকা এবং সমপরিমাণ অর্থের চেক। এই তিন ফুটবলাররাই নতুন মৌসুমে আবাহনীতে খেলতে যাচ্ছেন। দুই মাস আগে শেখ রাসেলের সোহেল রানাকে আবাহনী ক্লাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। গেটের সামনে দাঁড়িয়ে তিনি একজনকে বলছিলেন এই ক্লাবে খেললে জাতীয় দলেও খেলা যাবে। শেখ রাসেল সূত্রে জানা গেছে তিন ফুটবলারের বিপক্ষে উকিল নোটিশ পাঠানো হয়েছে। খেলোয়াড়রা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।