মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রথমবারের মতো কনটেইনার বোঝাই একটি সর্বোচ্চ দৈর্ঘ্যের বিদেশি জাহাজ মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে। কনটেইনার খালাস শেষে জাহাজটি গতকাল বুধবার বন্দর জেটি ত্যাগ করে। সাইপ্রাসের পতাকাবাহী ‘এমভি ক্যাপে সাইরস’ নামের বিদেশি এ জাহাজ সোমবার সন্ধ্যায় বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। প্রায় ১৮৫ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে কনটেইনারে করে ৩ হাজার ৮৬০ মেট্রিক টন পণ্য আনা হয়েছিল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, মোংলা বন্দর সৃষ্টির পর এর আগে এত বড়ো দৈর্ঘ্যের কনটেইনারবাহী কোনো জাহাজ আর কখনো আসেনি, এটাই প্রথম। জাহাজটি গত ২ নভেম্বর মিয়ানমারের ইয়াংগুন বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। এরপর সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মোংলা বন্দর জেটিতে অবস্থানের পর জাহাজটি থেকে কনটেইনার নামানোর কাজ শেষ করে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে মালয়েশিয়ার টিপিপি বন্দরের উদ্দেশ্যে মোংলা বন্দর ত্যাগ করে ‘ক্যাপে সাইরস’।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল জানান, বন্দর ও জেটির সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এই প্রথমবারের মতো এত বড়ো দৈর্ঘ্যের জাহাজ কনটেইনার নিয়ে বন্দরের জেটিতে ভিড়তে পেরেছে। জাহাজটি জেটিতে নোঙর করার পর পরই দ্রুততার সঙ্গে কনটেইনার খালাস কাজ করা হয়েছে।
