ইত্তেফাক ডেস্ক
সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবিলায় সর্বোত্তম উপায়—এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আলোচনাসভা ও বিশেষ মহড়াসহ নানা আয়োজন করা হয়।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে বুধবার আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মহড়া ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
কাহালু (বগুড়া) সংবাদদাতা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে বগুড়ার কাহালু উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের (সারাই অবস্থিত) আয়োজনে স্টেশন প্রাঙ্গণে আলোচনাসভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান সভাপতিত্ব করেন।
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের নগরকান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে এ মহড়া অনুষ্ঠিত হয়।
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, সারাদেশের মতো মাদারীপুরের শিবচরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় শিবচর ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ের মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শহরের নুর মসজিদ এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আলোচনাসভা হয়। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে উপসহকারী পরিচালক সরদার মাসুদ সভাপতিত্ব করেন।
জয়পুরহাট প্রতিনিধি জানান, বুধবার থেকে জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাদিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের উদ্বোধন করেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হচ্ছে। চাঁদপুর জেলা সদরে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন।
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা জানান, বুধবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ ফায়ার সার্ভিস পতাকা উত্তোলনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম।
এছাড়া নেত্রকোনা, নাটোর, সাতক্ষীরা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, বগুড়ার সোনাতলা, নীলফামারী, টাঙ্গাইলের মির্জাপুর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের কালীগঞ্জ, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, শেরপুরের শ্রীবরদী, পটুয়াখালীর মীর্জাগঞ্জ, নওগাঁর নিয়ামতপুর, নীলফামারীর ডোমার, কুড়িগ্রামের উলিপুর, টাঙ্গাইলের নাগরপুর, কুমিল্লার চৌদ্দগ্রাম, ফেনী ও বাগেরহাটের মোরেলগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে।
