অল্পের জন্য রক্ষা পেল পঞ্চগড় এক্সপ্রেস!

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৩

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর রেল স্টেশনের অদূরে বুধবার সকালে হঠাত্ রেললাইন ভেঙে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস। লাইন মেরামতের পর ১ ঘণ্টা ২০ মিনিট বিলম্বে ঐ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিরামপুর রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৭৪৭ নম্বর আপ সীমান্ত এক্সপ্রেস বুধবার সকাল ৬টা ২৩ মিনিটে বিরামপুর রেল স্টেশনে প্রবেশের সময় ট্রেনের শেষ বগির নিচে বিকট শব্দ হয়। টিটি ইউসুফ আলী বিষয়টি বিরামপুর রেল স্টেশন মাস্টারকে অবহিত করেন। অপরদিকে ঐ লাইনের পাশ প্রাতঃভ্রমণে যাওয়া লোকজন পলাশবাড়ি রেলগেটের উত্তর পাশে প্রায় দেড় ফুট লাইন ভাঙা দেখতে পেয়ে স্টেশনে খবর দেন। স্টেশনমাস্টার তাত্ক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭৯৩ নম্বর আপ পঞ্চগড় এক্সপ্রেস যাওয়ার কথা ছিল। কিন্তু লাইন ভাঙার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ পঞ্চগড় এক্সপ্রেসকে পাঁচবিবি স্টেশনে থামিয়ে দেন এবং চিলাহাটি থেকে রাজশাহীগামী ৭৩২ নম্বর ডাউন বরেন্দ্র এক্সপ্রেসকে বিরামপুর স্টেশনে দাঁড় করিয়ে রাখেন। হিলি থেকে লোকজন এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সাময়িকভাবে ভাঙা রেললাইন মেরামত করেন। ১ ঘণ্টা ২০ মিনিট পর ঐ লাইন দিয়ে পঞ্চগড় এক্সপ্রেস যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।