চট্টগ্রাম অফিস
যানজট কমাতে নগরীর দেওয়ানহাট থেকে আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে রিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। সড়কের চৌমুহনী ও বাদামতলী মোড়ে আড়াআড়িভাবে রিকশা রাস্তা পারাপার করতে পারবে, তবে মূল সড়কে চলতে পারবে না। গতকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এতে বিমানবন্দরমুখী ঐ সড়কের যানজট পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (বন্দর জোন) তারেক আহমদ বলেন, বিমানবন্দরমুখী সড়কে ধীরগতির বাহন রিকশা চলাচলের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। সেজন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং রিকশাচালক ও মালিকদের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলাপ করে কিছু অংশে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে। পর্যায়ক্রমে বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে রিকশা চলাচল বন্ধ করা হবে বলে জানান তিনি।
এদিকে গুরুত্বপূর্ণ এই সড়কে নিয়মিত চলাচলকারী যাত্রীরা পুলিশের ট্রাফিক বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গতকাল সড়কের বিভিন্ন পয়েন্টে এ ব্যাপারে প্রচারণা চালানো হয়েছে। এছাড়া নগরের রিকশাচালকদের জন্য নির্দিষ্ট পোশাক নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট পোশাক সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। এ উদ্যোগ সফল হলে নগরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও রিকশা চলাচল পর্যায়ক্রমে বন্ধ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
