পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছা পৌর এলাকায় নবনির্মিত অবৈধ মত্স্য মার্কেটের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন পুরাতন মত্স্য আড়তদারি মার্কেটের ব্যবসায়ীরা।
নতুন মার্কেটের ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মুহরী পুরাতন আড়তদারি সমিতির সভাপতি ব্যবসায়ী আব্দুল জব্বারের বিরুদ্ধে থানায় হয়রানিমূলক অভিযোগ করেছে এমন অভিযোগ এনে আড়তদারি মার্কেটের ব্যবসায়ীরা এর প্রতিবাদে বুধবার পৌর সদরে বিক্ষোভ মিছিল করেন। পরে ব্যবসায়ীরা থানার ওসি এমদাদুল হকের সঙ্গে মতবিনিময় করে বিষয়টি অবহিত করেন।
আড়তদারি সমিতির সভাপতি আব্দুল জব্বার জানান, এ ব্যাপারে কেউ আমাদের কোনো ধরনের হয়রানি করতে পারবে না মর্মে ওসি আশ্বস্ত করেছেন।
ওসি এমদাদুল হক শেখ জানান, পুরাতন মার্কেটের ব্যবসায়ীরা আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের বলেছি, অবৈধভাবে কেউ যাতে হয়রানি কিংবা ক্ষতি করতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি যে অভিযোগটি দায়ের করা হয়ে সেটিও তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
