চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পশ্চিম ইমিট্র গ্রামের মো. রফিকুল ইসলাম ওরফে মোনা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর পূর্বপাড়ার মো. আক্কাস আলী ব্যাপারী ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হোসেনডাঙ্গা রেললাইন পাড়ার তৈমুর রহমান। মামলার অপর আসামি মো. মিজানুর রহমানকে বেকসুর খালাস দেয় আদালত।
মামলার বরাত দিয়ে সরকারি আইনজীবী আঞ্জুমান আরা জানান, মামলার বাদী তাজিবুর রহমানের মেয়ে মোসাম্মত তাহেরা বেগমের সঙ্গে মো. রফিকুল ইসলাম ওরফে মোনার বিয়ে হয়। বনিবনা না হলে ২০১৫ সালের ১৭ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়। ১৮ অক্টোবর রাতে সদর উপজেলার হোসেনডাঙ্গা এলাকায় তালাক দেওয়া স্ত্রী তাহেরার ঘরে ঢুকে কুপিয়ে আহত করে রফিকুল। পরে ১৪ নভেম্বর তাহেরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
