সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৮

মাগুরায় দুই দিনব্যাপী বাউল উত্সব

মাগুরা প্রতিনিধি লালন ফকিরের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাগুরায় দুই দিনব্যাপী বাউল উত্সব অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে শহরের দোয়ারপাড় সুফি বাউল সাধু গুরু সেবাসংঘ প্রাঙ্গণে এ অনুষ্ঠান শেষ হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ উত্সব শুরু হয়েছিল। উত্সবে মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন। তারা লালন শাহের নানা ধরনের গান পরিবেশন করেন। বিকালে গানের মাধ্যমে শেষ হয় বাউল উত্সব। 

সড়ক পরিবহন আইনসংক্রান্ত কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে সড়ক পরিবহন আইন ২০১৮ সংক্রান্তে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার জেলা পুলিশ প্রশাসন গাইটাল বাস টার্মিনালে কর্মশালার আয়োজন করে। কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় বুধবার। শহরের তুফান কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাউন্সিলের প্রস্তুতি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি।

চর জনগোষ্ঠীর সামাজিক সচেতনতা বৃদ্ধিকরণবিষয়ক মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে চর জনগোষ্ঠির সামাজিক সচেতনতা বৃদ্ধিকরণবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করে ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর। এ সময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান।

বাগেরহাট পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বুধবার শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহী আলম বাচ্চু। বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিরুল আলম মিলন প্রমুখ।

মদনে হানাদার মুক্ত দিবস পালিত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা মদন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যৌথ উদ্যোগে বুধবার হানাদার মুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. ওয়ালীউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নূরুল আমিন প্রমুখ।

শিক্ষাবৃত্তি ও শিক্ষক সম্মাননা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা উপজেলার মামুদকাটি গ্রামের অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে দুই দিনব্যাপী শিক্ষাবৃত্তি ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টায় লাইব্রেরি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী। আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

পলাশে আওয়ামী লীগের সম্মেলন

পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বুধবার চরসিন্দুর কলা বাজারে অনুষ্ঠিত হয়। চরসিন্দুর ইউপি চেয়ারম্যান ও চরসিন্দুর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

লালমনিরহাটে সাংবাদিকদের সনদ বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে বুধবার সাংবাদিকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি সিরাজুল হক, জেলা তথ্য অফিসার আতিকুর রহমান।

 

 

০