ঘুষসহ তিন সরকারি কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

দিনাজপুর, খুলনা ও চট্টগ্রামে ঘুষ নেওয়ার সময় তিন সরকারি কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতারকৃতরা হলেন—খুলনার খালিশপুর জুট মিলের মহাব্যবস্থাপক মো. মোস্তফা কামলা, চট্টগ্রামের ট্যাক্স জোন-২ এবং ইনকাম ট্যাক্স সার্কেল-৩১ এর পরিদর্শক মো. রেজাউল করিম বেগ ও দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার মো. আল-আমিন। মঙ্গলবার দুদক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

দুদক সূত্র জানায়, খুলনার খালিশপুর জুট মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. মোস্তফা কামলাকে ১০ হাজার টাকা ঘুষসহ গ্রেফতার করা হয়। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাওন মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে দুদকের স্থানীয় কার্যালয়ে একটি মামলা হয়েছে। অপরদিকে চট্টগ্রামের কর অঞ্চল-২ এর পরিদর্শক মো. রেজাউল করিম বেগকে ঘুষের ২০ হাজার টাকাসহ আগ্রাবাদে নিজের অফিস থেকে গ্রেফতার করা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মোহাম্মদ লুত্ফুল কবীর চন্দনের নেতৃত্বাধীন একটি দল তাকে গ্রেফতার করে। এ বিষয়ে দুদকের স্থানীয় কার্যালয়ে মামলা হয়েছে।

এছাড়া দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার মো. আল-আমিনকে ২০ হাজার টাকা ঘুষসহ গ্রেফতার করেছে দুদক। ঐদিন দুপুরে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বাধীন একটি দল সার্ভেয়ারের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায়ও মামলা হয়েছে।