দুদকের মামলা বাতিলের আবেদন খারিজ
ইত্তেফাক রিপোর্ট
ন্যাশনাল ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় চীনা নাগরিকসহ পলাতক পাঁচ আসামিকে গ্রেফতারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাদের পাসপোর্ট জব্দ করতে বলা হয়েছে। এক আসামির মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। এছাড়া ঐ মামলার বিচার কার্যক্রম ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচারাধীন রয়েছে।
পলাতক ৫ আসামি হলেন, ন্যাশনাল ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওদুদ খান, দি সিনফা নিটাস লিমিটেডের কোম্পানির চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খসরু আল রহমান, পরিচালক মনসুরুল হক ও মো. গোলাম মোস্তফা।
মামলার অভিযোগে বলা হয়, জাল দলিল সৃজন ও তা দাখিল করে দি সিনফা নিটাস লিমিটেড নামীয় কোম্পানি খুলে ব্যাক টু ব্যাক এলসি খোলার নিশ্চয়তা নিয়ে ব্যবসা পরিচালনা করে ন্যাশনাল ব্যাংক দিলকুশা শাখা থেকে ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা আত্মসাত্ করে। এ ঘটনায় ২০১৭ সালের ১৭ জুন ছয়জনকে আসামি করে মামলা করে দুদক। ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরী মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী আব্দুল মতিন খসরু ও দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।
