ইত্তেফাক রিপোর্ট
কক্সবাজারের চারটি পৌরসভা ও ৭১টি ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন প্রক্রিয়া পুনরায় শুরু করতে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে এসব এলাকায় জন্মনিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা জন্মনিবন্ধন প্রক্রিয়া চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ রিট করেন। রিটে বলা হয়, কক্সবাজারে রোহিঙ্গাদের প্রবেশের পর ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ওই সব এলাকায় শিশুর জন্মনিবন্ধন আছে। ইতিমধ্যে ১১ লাখ ৪০ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন শেষ হয়েছে। জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ থাকা সংবিধানের পরিপন্থি।
