ইত্তেফাক রিপোর্ট
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জনসমাবেশ করবে বিএনপি। আগামীকাল শুক্রবার বাদ জুমা শুরু হবে সমাবেশ। সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। তিনি জানান, গতকাল বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সমাবেশের অনুমতির বিষয়ে আমি এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাক্ষাত্ করেছি। আবদুস সালাম আজাদ বলেন, আমরা সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জায়গার নাম প্রস্তাব করেছি; কিন্তু পুলিশ আমাদের মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার অনুমতি দিয়েছে। শুক্রবার বাদ জুমা থেকে জনসমাবেশের কার্যক্রম শুরু হবে।
