‘জলবায়ু জরুরি অবস্থা’ ঘোষণা বিজ্ঞানীদের

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৫২

জলবায়ু পরিবর্তনে পৃথিবী ‘অবর্ণনীয় দুর্দশার’ মুখোমুখি হতে যাচ্ছে বলে সতর্ক করে ‘জলবায়ু জরুরি’ অবস্থা ঘোষণা করেছেন বিশ্বের ১৫৩টি দেশের প্রায় ১১ হাজার বিজ্ঞানী। তারা দ্ব্যর্থহীনভাবে বলেছেন, সংকট মোকাবিলায় আমূল ও টেকসই পরিবর্তন ছাড়া বিশ্ব ‘অবর্ণনীয় দুর্ভোগের’ পথেই এগিয়ে যাচ্ছে। নৈতিক বাধ্যবাধকতার কারণেই তারা এই ভয়াবহ হুমকির ব্যাপারে সতর্ক করছেন।     গত মঙ্গলবার বিজ্ঞানীদের জোটের একটি গবেষণা প্রতিবেদন বায়োসায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। যেখানে তারা জলবায়ু সংক্রান্ত ৪০ বছরের তথ্য-উপাত্ত নিয়ে গবেষণার চিত্র তুলে ধরেছেন। খবর:আলজাজিরা।

বিজ্ঞানীরা বলেছেন, টেকসই ভবিষ্যত্ নিশ্চিত করতে আমাদের জীবনযাপনের ধরনে পরিবর্তন আনতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে তারা ছয়টি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিবর্তে নবায়নযোগ্য কম কার্বন নিঃসরণের জ্বালানি ব্যবহার, মিথেনের মতো দূষণের নিঃসরণ কমানো, বিশ্ব ইকোসিস্টেম রক্ষা, মানুষের খাদ্যাভ্যাস বদলে ফেলা; বিশেষ করে মাংসের প্রতি আসক্তি কমিয়ে উদ্ভিজ খাদ্য গ্রহণ, কার্বনমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা তৈরি এবং জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করা। বিজ্ঞানীরা বলছেন, বেশির ভাগ গুরুত্বপূর্ণ সূচকের ক্ষেত্রেই বিশ্ব এখন বিপরীত দিকে হাঁটছে, যার ফলে সৃষ্টি হয়েছে জলবায়ু নিয়ে জরুরি পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম রিপল এবং ক্রিস্টোফার উলফের নেতৃত্বে বিজ্ঞানীদের বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু সংকট তাদের ধারণার চেয়ে দ্রুত গতিতে বাড়ছে।