আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে কোনো হত্যাকারী রেহাই পায়নি, পাবেও না। ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের বিচারের কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বকুল মেম্বার হত্যাকাণ্ডের বিচারও হবে এবং প্রকৃত খুনিকে চিহূিত করে তার দ্রুত বিচার আইনে বিচার করা হবে।
গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জের বাগবাটিতে আওয়ামী লীগ নেতা বকুল মেম্বার হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে তিনি দত্তবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে বকুল মেম্বারের কবর জিয়ারত করেন এবং তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ময়নুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবু ইউসুফ সূর্য, বাগবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, মরহুমের সন্তান শাহাদত হায়দার, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ।
পরে মোহাম্মদ নাসিম কাজিপুরে শহীদ এম মনসুর আলী স্মৃতি কমপ্লেক্স ও কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। সন্ধ্যায় কাজিপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
