নিষিদ্ধ হলো জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২২:০৯

অবশেষে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (রাজনৈতিক শাখা-২) মল্লি­কা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিষিদ্ধের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার মনে করে ‘আল্লাহর দল‘ নামক জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলা পরিপন্থি। এরই মধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২ নভেম্বর দৈনিক ইত্তেফাকে ‘কালো তালিকাভুক্ত আট জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়নি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, ‘পুলিশের বিশেষ শাখা (এসবি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখায় একটি তালিকা দিয়েছে। আল্লাহর দল, উলামা আঞ্জুমানে           আল বাইয়্যিনাত, নব্য জেএমবি, দাওলাতুল ইসলাম বাংলাদেশ, হেযবুত তওহিদ, আত-তামকীন, তামীরউদ্দীন বাংলাদেশ ও তৌহিদী ট্রাস্ট নিষিদ্ধ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।’ রিপোর্ট প্রকাশ হওয়ার পর ৩ নভেম্বর বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সংলাপে অংশ নিয়ে ‘আল্ল­াহর দল’সহ আটটি সংগঠন নিষিদ্ধ ঘোষণার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।