বুধবার (৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার তিন বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে সকাল ১১টায় সাঁওতাল পল্লি মাদারপুর ও জয়পুর গ্রাম থেকে এক শোক মিছিল বের হয়। নিহত তিন সাঁওতালের স্মরণে মাদারপুর গির্জার সামনে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়। এরপর মাদারপুর গির্জার সামনে আদিবাসী-বাঙালি সমাবেশ অনুষ্ঠিত হয়। হত্যার বিচার এবং সাঁওতালদের জমি ফেরতসহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুুন প্লাকার্ড হাতে সহস্রাধিক সাঁওতাল ও বাঙালি এসব কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিগুলোর আয়োজনে ছিল সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ। সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাক্সে।
সমাবেশে বক্তারা বলেন, তিন বছর আগে এই দিনে পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষ সাঁওতালদের ঘরে হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বর্বরোচিতভাবে গুলিবর্ষণ করে। গুলি ও নির্যাতনে শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নিহত হন। পিবিআই মামলাটি তদন্তকালে দীর্ঘ প্রায় আড়াই বছরের অধিক সময়েও ঘটনার সঙ্গে জড়িত ও চিহ্নিত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনেনি। বক্তারা বলেন, অবিলম্বে তাদের সব দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
