কয়লাভিত্তিক বিদ্যুত্ উত্পাদন বাড়াতে প্রভাবকের ভূমিকায় কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:১৩

দেশে কয়লাভিত্তিক বিদ্যুত্ উত্পাদন ৬৩ গুণ বাড়ানোর পরিকল্পনায় বড়ো প্রভাবকের ভূমিকা পালন করছে চীন, যুক্তরাজ্য, জাপান ও ভারতের মতো বেশ কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র। কয়লাভিত্তিক নতুন বিদ্যুেকন্দ্র নির্মাণের আগ্রাসী এ পরিকল্পনা বাংলাদেশকে অসম্মানজনক ও কুখ্যাত একটি ক্লাবের সদস্য করবে। এতোদিন চীন, ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভিয়েতনামকে এ ক্লাবের সদস্য বিবেচনা করা হতো।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের সহযোগিতায় মার্কেট ফোর্সেস ও থ্রি ফিফটি এর যৌথ গবেষণা ‘কয়লায় শ্বাসরুদ্ধ :কার্বন বিপর্যয়ের মুখে বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল প্রতিবেদনের সার-সংক্ষেপ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্রতীর নির্বাহীপ্রধান শারমীন মুরশিদ এবং লিগ্যাল ইকোনমিস্ট এম এস সিদ্দিকী উপস্থিত ছিলেন।