ব্যাংকের টাকা সবাইকে ফেরত দিতে হবে : অর্থমন্ত্রী

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:১৪

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যেভাবেই হোক খেলাপিদের কাছ থেকে পাওনা আদায়ের লক্ষ্যে কাজ করছে সরকার। আর এ জন্যই কাউকে জেলে না পাঠিয়ে টাকা আদায় করতে খেলাপিদের জন্য ঋণ পুনঃ তপশিলের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়েছে তাদের সবাইকে টাকা ফেরত দিতে হবে। যেভাবেই হোক এ টাকা আমরা আদায় করবই। এটা রাষ্ট্রের সব মানুষের টাকা। খেলাপিদের সুযোগ দেওয়ায় অনেকেই ধারণা করছেন যে, ভালোমন্দ এক হয়ে যাচ্ছে; কিন্তু ভালোমন্দ কখনো এক হবে না।

গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। গত সোমবার হাইকোর্টের এক রায়ে দুই শতাংশ অর্থ আগাম পরিশোধসাপেক্ষে খেলাপিদের জন্য ঋণ পুনঃ তপশিলের বিশেষ সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারকে বৈধ ঘোষণা করে তার মেয়াদ ৯০ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, রায়ের কপি যখন আসবে তখন আমরা কার্যকর করব। রায়ের আগে কিছু বলা ঠিক হবে না। ব্যাংক ঋণে সুদহার ১০ শতাংশের ওপরে যাবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটা ৯ দশমিক ৭৫ হবে, অর্থাত্ সিঙ্গেল ডিজিট হবে। যা-ই হোক, আমরা ব্যাংক ঋণে সিঙ্গেল ডিজিট সুদ আদায় করব। এটা বাস্তবায়নের জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে ব্যাংক, ঋণ গ্রহীতা, সরকার ও দেশের মানুষ যেন না ঠকে। দুঃখের বিষয় হলো, গতবছরই ব্যাংক মালিকরা ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার কথা বলেছিল। এজন্য তারা সরকারের কাছে কিছু শর্ত দিয়েছিল, সরকার তা পূরণ করেছে। এরমধ্যে অনেকেই সিঙ্গেল ডিজিটে আসছে। আবার কেউ কেউ আসেনি। যারা আসেনি তাদেরকে আসতে হবে, না হলে তাদের ব্যবসা বন্ধ করতে হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।