ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ পাঁচ গ্যাংস্টার সদস্য গ্রেফতার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:১৫

ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ নারী পোশাক শ্রমিকদের নিয়মিত উত্ত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার র্যাব-১১র সদর দপ্তরের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন কামরুল হাসান, সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন, জীবন মিয়া ও লিটন চন্দ্র দাস। গত মঙ্গলবার রাতে ইসদাইর বটতলা গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ১২ রাউন্ড পিস্তলের গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।

র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্যাংস্টার গ্রুপের সদস্য বলে স্বীকার করেছে। তারা পোশাক শিল্পগামী নারীদের উত্ত্যক্ত করে আসছে। তাদের নেতৃত্ব দেয় উজ্জ্বল নামে এক সন্ত্রাসী। সে পলাতক রয়েছে। গ্রুপটি সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাইসহ এলাকায় অপরিচিত লোক দেখলেই নানাভাবে হেনস্তা করে। তারা সাধারণ মানুষের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল, মহিলাদের ব্যাগ কেটে ব্যাগে থাকা জিনিসপত্র ছিনতাই করে। দীর্ঘদিন ধরে নজরদারির পর তাদের আটক করে র্যাব। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।