ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক। এর আগে গত ৩০ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমানকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ দেওয়া হয়।
দুদক সূত্র জানায়, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষগ্রহণ, জালিয়াতি, বিরাট অঙ্কের ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি খোলাসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত্ ও বিদেশে পাচারসহ অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন দুদক কর্মকর্তা আবুবকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করে।
