স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ফায়ার সার্ভিসের আধুনিকায়ন ও ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ফায়ার সার্ভিসের ভূমিকা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ফায়ার সার্ভিসকে যুগোপযোগী করে তুলতে ৬২ হাজার অগ্নিসেনাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়েছে। অগ্নিকাণ্ড ছাড়াও দেশে যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অগ্নিসেনা দল সহায়ক ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধু ফায়ার একাডেমি প্রতিষ্ঠার কাজ চলছে।
মন্ত্রী বলেন, আগামী বছরের জুনে ৫ শত ৬৭টি ফায়ার সার্ভিস স্টেশন সম্পন্ন হবে। ২০২২ সালে ৭ শত ফায়ার সার্ভিস স্টেশন হবে। মুন্সীগঞ্জে অত্যাধুনিক ফায়ার ফ্যাকাল্টির কাজ চলছে। নদীমাতৃক দেশ হিসেবে নদী ফায়ার স্টেশনেরও কাজ চলছে। পরে মন্ত্রী একযোগে সারা দেশে ফায়ার সার্ভিস সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সুরক্ষা ও সেবা) সচিব মো. শহীদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জোনের উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম।
