ডেমরায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:১৮

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ডেমরায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ছোটো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন কবির হোসেন (২৫) নামে এক যুবক। কবির পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত ছোটো ভাই সবুজকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানান, সবুজের কাছে ২ হাজার ৭০০ টাকা পেতেন কবির। সেই টাকা শোধ না করায় এর আগে কয়েক দফায় দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরপর মঙ্গলবার রাত ১০টার দিকে ডেমরার গলাকাটা ব্রিজ এলাকায় আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে কবিরের বুকে-পিঠে ছুরিকাঘাত করে সবুজ। গুরুতর আহত কবিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, কবিরের বাবার নাম আতাউর রহমান। পরিবারের সঙ্গে তিনি ডেমরার বক্সনগর মহিলা মাদ্রাসার পাশের বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। আটক সবুজ একটি মোবাইল ফোনের দোকানের কর্মচারী।