ফেরি দেরিতে ছাড়ায় মৃত্যুর ঘটনা

ঘাট ম্যানেজারসহ চার জনকে দায়ী করে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:১৯

দেরিতে ফেরি ছাড়ায় স্কুলশিক্ষার্থী তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে ফেরি দেরিতে ছাড়ার জন্য কাঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম, ঘাটে কর্মরত উচ্চমান সহকারী ফিরোজ আলম, প্রান্তিক সহকারী খোকন ও ইনল্যান্ড মাস্টার সামছুল আলমকে সরাসরি দায়ী করা হয়েছে। তবে এই ধরনের ঘটনা ঘটার জন্য যুগ্মসচিব আব্দুস সবুর মণ্ডল তার দায়বদ্ধতা এড়াতে পারেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ফেরি আটকিয়ে রাখা এবং ফেরিতে অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী থাকার কথা সবুর মণ্ডল জানতেন না। এ কারণে তাকে সরাসরি দায়ী করা যায় না। তবে তিনি ঘাট ব্যবস্থাপককে আগে থেকেই পারাপারের জন্য বার্তা দিয়ে তার সঙ্গে বার বার ফোনালাপের মাধ্যমে একটা দায়ভার সৃষ্টি করেছিলেন। সর্বোপরি নির্ধারিত সময়ের অনেক পরে ফেরিঘাটে উপস্থিত হওয়া এবং তার জন্যই ফেরি অপেক্ষমাণ রাখায় এক্ষেত্রে তারও দায়বদ্ধতা রয়েছে। তাই তিনি এক্ষেত্রে দায়ভার এড়াতে পারেন না।

গতকাল বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়। এতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সাত দফা সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাইকোর্টে এই প্রতিবেদন পেশ করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।