ডেমোক্র্যাটদের কাছে হেরেছেন ট্রাম্প সমর্থিত গভর্নর

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:১৯

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী ডেমোক্র্যাটদের কাছে হেরে গেছেন। এছাড়া ভার্জিনিয়ায়ও ২৫ বছর পর ডেমোক্র্যাটরা জয় পেয়েছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মিসিসিপি অঙ্গরাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছেন রিপাবলিকানরা। ডেমোক্র্যাটদের এই জয় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড়ো ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে। এছাড়া নিউ জার্সিতে নির্বাচন হলেও ফলাফল সম্পর্কে কিছু জানা যায়নি। খবর রয়টার্সের

কেনটাকিতে ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল অ্যান্ডি বেশার ক্ষমতাসীন গভর্নর ম্যাট বেভিনের বিরুদ্ধে জয় পেয়েছেন। সোমবার রাতেও প্রেসিডেন্ট ট্রাম্প বেভিনকে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এই রাজ্যেই ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প ৩০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তবে বেভিন নির্বাচনী ফল মানতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করেছেন। বেশার ফল মেনে নিতে বেভিনের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তার সমাবেশের জন্যই বেভিন বড়ো ব্যবধানে হারেননি। প্রায় ২৫ বছর পর ভার্জিনিয়ায় নিজেদের ক্ষমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন ডেমোক্র্যাটরা। মিসিসিপিতে রিপাবলিকানপন্থি লেফটেন্যান্ট গভর্নর তাটে রিভস অ্যাটর্নি জেনারেল জিম হুডকে হারিয়েছেন। আশা করা হচ্ছে, নিউ জার্সির নিম্নকক্ষের নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পাবেন।