মাদারীপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ইমাম গ্রেফতার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:২০

মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালী এলাকার একটি মসজিদে আরবি পড়তে গেলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ইমাম মেহেদী হাসান মোল্লা (৪০) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে মসজিদের ঐ ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মাদারীপুর মডেল থানায় এ ঘটনায় মামলা হলে বুধবার ইমাম মেহেদী হাসানকে আদালতে প্রেরণ করা হয়। ধর্ষণের শিকার ঐ ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বাগেরহাটের রায়েন্দা থানার রাজাপুর গ্রামের আ. জব্বার মোল্লার ছেলে মেহেদী হাসান মোল্লা বিগত একযুগ ধরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী এলাকার জবান খান জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। ধর্ষণের শিকার মেয়েটি এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। নির্যাতিতা শিশুটি জানায়, ১২ ও ১৫ অক্টোবর পড়া শেষে ইমাম মেহেদী হাসান মেয়েটিকে তার কক্ষ ঝাড়ু দিতে বলে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেয় সে।  

গত মঙ্গলবার দুপুরে মেয়েটি তার স্কুলে গিয়ে হঠাত্ অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা স্কুলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসে সন্ধ্যার দিকে মেয়েটি তার নানির কাছে ইমামের কুকীর্তির কথা সব খুলে বলে। পরে এ ঘটনা এলাকার লোকজন জানতে পেরে ইমাম মেহেদী হাসানকে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে ইমামকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেন। বুধবার সকালে  মেহেদীকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। ঐ ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আরএমও শশাংক চন্দ্র ঘোষ জানান, আমরা মেডিক্যাল পরীক্ষার জন্য মেয়েটির কাছ থেকে আলামত সংগ্রহ করেছি।