সৌদি আরবের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে টুইটারের সাবেক দুই কর্মীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় মামলা হয়েছে। বুধবার এই মামলা দায়ের করা হয়। আদালতের নথিতে দেখা গেছে, টুইটার গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চেয়েছেন অভিযুক্তরা। এই গ্রাহকদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত সৌদি সরকারের সমালোচকও রয়েছেন। মামলায় অভিযুক্ত টুইটারের সাবেক দুই কর্মী মার্কিন নাগরিক আহমাদ আবুয়ামো এবং সৌদি নাগরিক আলি আলজাবারা। এর পাশাপাশি আহমেদ আলমুতাইরি নামে তৃতীয় আরেক সৌদি নাগরিকও রয়েছেন মামলায় অভিযুক্ত হিসেবে। আলমুতাইরি দুই টুইটার কর্মী এবং সৌদি কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। ঐদিন সিয়াটল আদালতে হাজির হন আবুয়ামো। পরে তাকে রিমান্ডে পাঠিয়েছেন বিচারক। শুক্রবার তার আরেকটি শুনানির কথা রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে ভুয়া নথি এবং মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগও রয়েছে আবুয়ামোর বিরুদ্ধে। ২০১৫ সালে টুইটারের মিডিয়া পার্টনারশিপ ম্যানেজার পদে থাকা অবস্থায় চাকরি ছাড়েন তিনি। —বিবিসি
