নতুন কোচে রানার্সআপ হলেই খুশি সাইফ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:১৯

মালদ্বীপের ক্লাব ফুটবলের কোচ নিজাম আলীকে নিয়ে নতুন মৌসুমে লিগে রানার্সআপ হলেই খুশি সাইফ স্পোর্টিং ক্লাব। এই দলটি গত দুই বার লিগের চতুর্থ স্থান পেয়েছে। এবার যদি তারা লিগ রানার্সআপ হয় তাহলে এএফসি কাপে খেলতে পারেব এমন পকিল্পনার কথা জানিয়েছেন দলের এমডি নাসিরউদ্দিন চৌধুরী। গতকাল দুপুরে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে নতুন কোচের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সংবাদ সম্মেলনে নানা দিক নিয়ে কথা বলছিলেন ক্লাব কর্মকর্তারা, সঙ্গে নতুন কোচ। মালদ্বীপের নিজাম আলী জানিয়েছেন তিনি আসিয়ান অঞ্চলে আরো দুটি ক্লাবের আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু ঢাকার ক্লাবটিতে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে এবার নিয়ে একাধিকবার আসলেন নিজাম। চট্টগ্রামের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টের মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল সেবার নিজাম আলী ছিলেন কোচ। এছাড়াও এসেছিলেন গতমাসে। উয়েফার বয়সভিত্তিক যে টুর্নামেন্ট ঢাকায় হয়ে গিয়েছিল সেখানে তিনি মালদ্বীপের কোচ ছিলেন। মূলত টিসি স্পোর্টসের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা বেশি। টিসি স্পোর্টস নিজাম আলীর কাছ থেকে অনেক সাফল্য পেয়েছেন। ২০১৪ সালে প্রিমিয়ার লিগে তুলেছেন তিনি। পরের মৌসুমেই টিসি স্পোর্টস লিগ চ্যাম্পিয়ন হয়। ২০১৮ সালের লিগ চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস ক্লাবের কোচ ছিলেন এই নিজাম আলী। মালদ্বীপ ফুটবল ফেডারেশন তাকে দুই বার বছরের সেরা কোচের পুরস্কার দেয়। নিজাম আলীর ১০ বছরের ফুটবল ক্যারিয়ারের সঙ্গে যোগ হয়েছে ১৭ বছরের কোচিং ক্যারিয়ার। সবমিলিয়ে ফুটবল অভিজ্ঞতা বেশ ভালোই। সাইফ স্পোর্টিংয়ের নীতিনির্ধারকরা মনে করছেন মালদ্বীপের এই মানুষটি ঢাকার ফুটবল সম্পর্কে অনেকটা ধারনা হয়ে গেছে। আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নেওয়া হয়ে গেছে। সে ভালোভাবে কাজ করতে পারবে।

নাসির চৌধুরী বলছিলেন আগের মৌসুমের চেয়ে এবারের দলটা ভালো। মাত্র দুই জন ফুটবলার দলে নিয়েছেন বলে জানিয়েছেন। শেখ জামালের ডিফেন্ডার আরিফুল ইসলাম এবং আরামবাগের ফরোয়ার্ড আরিফুর রহমান। এই দুই জন ছাড়া বাকি যারা আছেন তারা সবাই পুরো খেলোয়াড়। কেন? কর্মকর্তারা বললেন,‘আমরা দীর্ঘমেয়াদি চুক্তি করে রেখেছি। তিন বছরের চুক্তি করায় দেখা যায় মেয়াদ শেষ হতে ২০২১ সাল শেষ হবে। তাই আমরা খেলোয়াড় রেজিস্ট্রেশন নিয়ে ভাবছি না।

নতুন দুই জন ছাড়া সাইফের রক্ষণে জাতীয় দলের রহমত মিয়া, রিয়াদুল ইসলাম, ইয়াসিন আরাফাত এবং অধিনায়ক জামাল ভুইয়া রয়েছেন। এরা ছাড়াও বিদেশিদের মধ্যে রয়েছেন কলম্বিয়ান দিয়েনার, তাজিকিস্তানের জাহাঙ্গীর বর্গশেফ। মোটামুটি দলটা গোছানোই বললেন কর্মকর্তারা। মালদ্বীপের কোচ নিজাম আলী মনে করছেন পাইপ লাইনে খেলোয়াড় আছে। তিনি এই দল নিয়ে চ্যাম্পিয়ন ফাইট দিতে চান।