মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের পূর্ব পঞ্চকরণ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখানেই চলছে স্বাস্থ্যসেবার কার্যক্রম। যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কায় এলাকাবাসী এ ঝুঁকিপূর্ণ ভবনে স্বাস্থ্যসেবা নিতে আসতে ভয় পাচ্ছে।
সরেজমিনে জানা গেছে, ২০০১ সালে পূর্ব পঞ্চকরণ গ্রামে এ ভবনে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু হয়। কয়েক বছর যেতে না যেতেই লবণাক্ততার কারণে পলেস্তারা খসে পড়ে বেরিয়ে এসেছে ইট। দেখা দিয়েছে মূল ভবনের বিভিন্ন স্থানে ফাটল। সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় ক্লিনিকের কক্ষ। ভবনটিতে নেই কোনো দরজা-জানালা, পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র। দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে এ জরাজীর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবার কার্যক্রম।
পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার জানান, এ ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকের মধ্যে পূর্ব পঞ্চকরণ ক্লিনিকটি মারাত্মক ঝুঁকিপূর্ণ, বিষয়টি লিখিত আকারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিতসহ নতুন ভবনের জন্যও আবেদন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, পূর্ব পঞ্চকরণ কমিউনিটি ক্লিনিকের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে এ ক্লিনিকের কার্যক্রম চলমান রাখার জন্য পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এ উপজেলার ঝুঁকিপূর্ণ ভবনগুলো নতুন করে পুনর্নির্মাণের জন্য গত বছর তালিকা পাঠানো হয়েছে।
