রংপুরের গঙ্গাচড়ায় গত বুধবার রাতে ১ লাখ টাকার জাল নোটসহ একটি মাইক্রো ও সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার দইখাওয়া থেকে সংঘবদ্ধ চক্র মাইক্রোযোগে জাল টাকা নিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর আনুর বাজার শাহ আলম ফিলিং স্টেশনের সামনে থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাইক্রোসহ চক্রের তিন সদস্যকে আটক করে। আটকৃতরা হলেন রিয়াজ উদ্দিন, লাল মিয়া ও সামসুল কবির ঘুগরা।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তাদের হাজতে পাঠানো হয়েছে।
