বাগমারায় বুধবার রাতে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হলেন উপজেলার বীরকুত্সা উত্তরপাড়ার কফিল শাহ (৫৫)। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের বড়ো ছেলে সেজ্জাক শাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কফিল শাহ বীরকুত্সা রাজবাড়ি বাজারে মুদি দোকানের পাশাপাশি বোতলে পেট্রোল বিক্রি করেন। একই গ্রামের সিএনজি চালক ফেরদৌস বাকিতে পেট্রোল নেয়। ঘটনার সময় পাওনা টাকা চাওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফেরদৌসের চাচাতো ভাই মিঠুন ঘটনাস্থলে আসে। এরপর কফিল শাহকে দোকান থেকে বের করে দুই জনে মিলে মারপিট করতে থাকে। এতে তিনি মাটিতে পড়ে যান এবং মাথা ফেটে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
