সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:১২

সন্ত্রাস-মাদক ও ইভটিজিং-বিরোধী সচেতনতামূলক সভা

নরসিংদী প্রতিনিধি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক এক সভা বৃহস্পতিবার নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর উপজেলা প্রশাসন আয়োজিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা কালাইয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্যানিটেশন, পরিবেশ, জন্ম নিবন্ধন, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।

নারীর রাজনৈতিক ক্ষমতায়নবিষয়ক অবহিতকরণ সভা

সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি হলরুমে খান ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী তাহেরা খানম সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তারা বিভিন্ন কমিটিতে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষিত রাখার আহ্বান জানান।

কালকিনিতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা দীর্ঘ ২১ বছর পর কালকিনিতে জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী পৌর এলাকার ডাকবাংলার মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়। ইজতেমার প্রথম দিনে বাদ আসর বয়ান প্রদান করেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ ও মাওলানা আবদুল্লাহ। মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি মেডিক্যাল ক্যাম্প করে ইজতেমা মাঠে কাজ করছে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে।

ময়মনসিংহে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে মহিলা পরিষদের উদ্যোগে বেইজিং+২৫ পর্যালোচনা:নাগরিক সমাজের সম্পৃক্তি বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মনিরা বেগম অনু, সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমীন রুনা বক্তব্য দেন।

বিএম কলেজে অশ্বিনী কুমারের মৃত্যুবার্ষিকী পালন

বরিশাল অফিস  সরকারি বিএম কলেজের প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ৯৬তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, উপাধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, শিক্ষক পরিষদ সম্পাদক আল আমিন সরোয়ার, বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি ও বিএম কলেজ ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনিম, জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএম কলেজ ছাত্রলীগ নেতা রেজবি আহমেদ এবং পরে সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।