সাংবাদিক মারধরের ঘটনায় জবির তিন শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিন সাংবাদিক মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিন আনুমানিক দুপুর ২টায় ভাষা শহিদ রফিক ভবন প্রাঙ্গণে শিক্ষার্থীদের নৃত্যের এক পর্যায়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ৩য় বর্ষের শিক্ষার্থী ও একুশে টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাগর হোসেনের ওপর অতর্কিতভাবে আক্রমণ ও মারধরের মাধ্যমে তাকে মারাত্মকভাবে জখম করা হয়।

উক্ত ঘটনায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, সংগীত বিভাগের শিক্ষার্থী কৌশিক সরকার এবং ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মইন উদ্দিন আহম্মেদ জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। কারণ দর্শানো নোটিশের জবাবে তারা দায় স্বীকার করেন। তাদের এহেন আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপরোক্ত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে।