রিমান্ড শেষে শামীম ও খালেদ কারাগারে

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:২৫

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এবং ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক থেকে বহিষ্কার হওয়া খালেদ মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন শুনানি শেষে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুর্নীতি মামলায় তাদের গ্রেফতার  দেখানো হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি  কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। অন্যদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধেও ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার মামলা করে দুদক।