প্রত্যেক ভবন ও রাস্তায় প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার ব্যবহারোপযোগী করে গড়ে তোলার জন্য ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। দেশের বেশির ভাগ ভবনেই এই ব্যবস্থা নেই বলে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। একটি বৈষম্যহীন সমাজ গড়তে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না করে কখনই তা সম্ভব নয়। আর এসডিজি অর্জনে প্রতিবন্ধীদের সঙ্গে নিয়েই আগাতে হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ‘টেকসই উন্নয়ন অভীষ্টের প্রতিবন্ধিতাবিষয়ক লক্ষ্য ও সূচক বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, কাউকে বাদ দিয়ে নয়। সবাইকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আমরাও যে কোনো দুর্ঘটনায় প্রতিবন্ধী হতে পারি। তাই তাদের অন্যভাবে দেখার সুযোগ নেই। আর গণমাধ্যমে প্রতিবন্ধীদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে বিষয়টি আরো গুরুত্ব পাবে।
অনুষ্ঠানে এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সনদবিষয়ক কমিটির সাবেক সদস্য মনছুর আহমেদ চৌধুরী, মহুয়া পাল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। অনুষ্ঠানে ভাস্কর ভট্টাচার্য ও আশরাফুন নাহার মিষ্টিকে সংবর্ধনা দেওয়া হয়।
