চট্টগ্রামে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে পাইকারি বাজারের পর এবার খুচরা বাজারে অভিযান শুরু হয়েছে। গত কয়েকদিন খাতুনগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজারের কয়েকটি আড়তে অভিযানের পর গতকাল নগরীর বিভিন্ন কাঁচাবাজারে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের এ অভিযানে ৬ খুচরা বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদা ফাতেমা চৌধুরী অভিযানে অংশ নেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি জানান, খুচরা বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আনতে সমন্বিত অভিযান শুরু হয়েছে। মূল্য তালিকার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে কাজীর দেউড়ি বাজারের ইলিয়াস স্টোর, ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোর, মেসার্স জালাল স্টোর, কর্ণফুলী মার্কেটের মেসার্স মক্কা স্টোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ষোলশহর দুই নম্বর গেট এলাকার মাবিয়া স্টোরকে ৫০ হাজার টাকা, বহদ্দারহাটের হক মার্কেটের মা বাবা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
