ন্যাটো এখন ‘মৃতপ্রায়’:ম্যাক্রোঁ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০০:২১

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট- ন্যাটো এখন মৃতপ্রায়।  ন্যাটোর এই পরিণতির জন্য তিনি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই মন্তব্য করেছেন।

ম্যাক্রোঁ বলেন, ইউরোপ এখন ‘ব্রেইন ডেথ’ ন্যাটোর মুখোমুখি। এর কারণ জোটের প্রতি যুক্তরাষ্ট্রে উদাসীনতা। ন্যাটো জোটকে রক্ষায় ইউরোপ এখন আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে না। যুক্তরাষ্ট্র আমাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার বিষয়টি ন্যাটো জোটকে খুবই হতাশ করেছে। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের পর কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে তুরস্ক। কুর্দিরা এ কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছে। এই কুর্দিদের ব্যাপারে সরব ছিলেন ম্যাক্রোঁ।

স্নায়ু যুদ্ধকালে একটি সম্মিলিত প্রতিরক্ষা জোট হিসেবে ন্যাটো বিকাশ লাভ করে। ম্যাক্রোঁ বলেন, চীনের উত্থান, রাশিয়ার একনায়তন্ত্রে পরিণত হওয়া এবং তুরস্কের বর্তমান আগ্রাসী মনোভাবের হুমকি বাড়ার সঙ্গে সঙ্গে ব্রেক্সিট ও রাজনৈতিক অস্থিরতায় ইউরোপের দুর্বলতাও বাড়ছে।