বলিভিয়ায় বিরোধী দলের আন্দোলনকারীদের শিকার হয়েছেন দেশটির এক শহরের মেয়র। তাকে এ সময় জোর করে খালি পায়ে রাস্তায় নিয়ে আসে বিক্ষুব্ধরা। এরপর সারা শরীরে লাল রং মেখে জোর করে তার চুল কেটে দেয়। আন্দোলনকারীদের তোপের মুখে পড়া বলিভিয়ার ওই মেয়রের নাম প্যাট্রিসিয়া অ্যার্সি। বিক্ষোভকারীরা চুল কেটে দেওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশে সোপর্দ করে তাকে। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের কারণে বলিভিয়ার ক্ষমতাসীন ও বিরোধীদলের মধ্যে সহিংস সংঘর্ষ চলছেই। এসব সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।
জানা গেছে, বলিভিয়ার মধ্যাঞ্চলের ভিন্টো শহরের একটি ব্রিজ অবরোধ করে রেখেছিল সরকার বিরোধী আন্দোলনকারীরা। এ সময় দুই আন্দোলনকারীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। পরবর্তীতে তারা শহরের মেয়রকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে এসে এই কান্ড ঘটায়। -বিবিসি
