ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে নিজের সংসদীয় আসনেই জোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তার উক্সব্রিজের আসনে বিরোধী দল লেবার পার্টি মুসলিম এক অভিবাসী যুবককে মনোনয়ন দিয়েছে। শুরু হয়েছে নির্বাচনী প্রচারণাও। দেখা যাচ্ছে ২৫ বছর বয়সি আলি মিলানির প্রচার এরই মধ্যে ঐ আসনের ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উত্তরপশ্চিম লন্ডনের উক্সব্রিজ এক দশক আগেও টোরিদের নিরাপদ আসন হিসেবেই পরিচিত ছিল। বর্তমানে এ চিত্র অনেকখানিই বদলে গেছে। ২০১৭ সালের শেষ সাধারণ নির্বাচনে জনসন এখানে মাত্র ৫ হাজার ৩৪ ভোটের ব্যবধানে জিতেছেন।
লেবার পার্টি যদি এবার আগের ভোটের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ যোগ করতে পারে তাহলেই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বিপদে পড়বেন। ব্রিটিশ আইন অনুযায়ী, একজন এমপিকে তার আসনের বাসিন্দা হতে হয় না। জনসন এখানে বসবাস না করলেও মাঝে মাঝেই তাকে এলাকার ভোটারদের সঙ্গে দেখা ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। এই সুযোগকেই কাজে লাগাতে চান নিজেকে স্থানীয় হিসেবে পরিচয় দেওয়া আলি মিলানি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর আশা ১২ ডিসেম্বরের আসন্ন ভোটে জনগণ তাকে ব্যাপকভাবে সমর্থন দেবে, যেন সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তার দল যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করতে পারে। কিন্তু লেবাররা ক্ষমতায় গেলে তা ব্রেক্সিটকে অনিশ্চয়তায় ফেলে দিতে পারে। -ওয়াশিংটন পোস্ট
