ইরাকে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে নিহত ৪

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০০:৪৭

ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে কমপক্ষে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রী বাগদাদে আয়োজিত বিক্ষোভে এ ঘটনা ঘটে। ফলে গত কয়েক সপ্তাহের চলমান বিক্ষোভ প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বাগদাদের সুহাদা ব্রিজের নিকট হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হটিয়ে দিতে গেলে ফের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কিন্তু তাতেও উত্তাল জনতা পিছু না হটায় গুলিবর্ষণ করে পুলিশ। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয়। আহত হয় কয়েক ডজন বিক্ষোভকারী। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ইরাকি প্রশাসন বিক্ষোভ দমনে নানারকম পন্থা অবলম্বন করছে। এর মধ্যে আছে রাতের বেলা চলাফেরা সীমিত করা, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা ইত্যাদি।